সারাবিশ্ব

শিক্ষিকা মাহেরীনের বীরত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

শিক্ষিকা মাহেরীনের বীরত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বামে শিক্ষিকা মাহেরীন ও ডানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরীন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"

প্রধানমন্ত্রী আনোয়ার আরও জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠির মাধ্যমে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করবেন।

তিনি বলেন, “শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।”

উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের জীবন বাজি রেখে একের পর এক শিশু শিক্ষার্থীকে ভবন থেকে উদ্ধার করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই দগ্ধ হয়ে প্রাণ হারান। তার এই আত্মত্যাগ দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোড়ন তুলেছে।