সারাবিশ্ব
এক তরুণীর জালে একসঙ্গে ধরা ২০ প্রেমিক, তারপর যা হলো
চীনের শেনজেন শহরে এক তরুণী প্রেমের অভিনয়ের মাধ্যমে একসঙ্গে ২০ জন পুরুষের কাছ থেকে আইফোন উপহার নিয়ে সেগুলো বিক্রি করে একটি ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিয়েছেন। এই অদ্ভুত ঘটনাটি এখন রীতিমতো ইন্টারনেট সেনসেশন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা ওই তরুণী দীর্ঘদিন ধরে একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রত্যেকের কাছ থেকেই তিনি উপহার হিসেবে আদায় করেন সর্বশেষ মডেলের আইফোন। পরে এই সব মোবাইল একটি অনলাইন পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করেন।
এই অর্থই কাজে লাগান নিজের ফ্ল্যাট কেনার জন্য। তিনি নগদ অর্থে না কিনে বরং ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেন সেই টাকায়, যা তাকে অনেকটাই আর্থিক স্বনির্ভরতার দিকে এগিয়ে দেয়।
তরুণী একটি কোম্পানিতে জুনিয়র ক্লার্ক পদে কাজ করতেন। তার আয় ছিল সীমিত, কিন্তু উচ্চাভিলাষী জীবনযাপন ছিল লক্ষ্য। তার প্রেমিকদের কেউই শুরুতে কিছু টের পাননি। কিন্তু হঠাৎ করে তরুণীর ফ্ল্যাট কেনার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেরই কপালে ভাঁজ পড়ে।
তদন্তে বেরিয়ে আসে, মাত্র ৬ মাসের মধ্যে তিনি ২০ জন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। প্রতিটি সম্পর্কেই তার উদ্দেশ্য ছিল উপহার হিসেবে একটি করে আইফোন নেওয়া। সেই ফোনগুলো অনলাইনে বিক্রি করে বিপুল অর্থ আয় করেন তিনি।
ঘটনার সূত্রপাত একটি ইলেকট্রনিকস পুনর্বিক্রয় প্ল্যাটফর্মের এক কর্মীর কাছ থেকে, যিনি ওই তরুণীর মোবাইল বিক্রির অস্বাভাবিক আচরণ লক্ষ করে বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস করেন।
এ ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা। কেউ বলছেন, এটি প্রতারণার এক চরম উদাহরণ, অন্যদিকে কেউ কেউ তরুণীর পরিকল্পনা ও সাহসিকতায় চমকে গেছেন। কেউ কেউ এটিকে ‘চতুর বাণিজ্য বুদ্ধি’ বলেও আখ্যা দিয়েছেন।
তবে এখন পর্যন্ত ওই তরুণীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি।