সারাবিশ্ব

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩২ পিএম

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ
ছবি: সংগৃহীত

চার দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫০ লাখ রুপির বন্ডে জামিন দেন। রাষ্ট্রীয় অর্থে ব্যক্তিগত সফরের অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে সিআইডি।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে ফেরার পথে যুক্তরাজ্যে অবস্থান করেন বিক্রমাসিংহে, যেখানে তিনি সরকারি তহবিল থেকে প্রায় ৫৫ হাজার ডলার ব্যয় করেন বলে দাবি তদন্ত সংস্থার। যদিও বিক্রমাসিংহে বরাবরই দাবি করেছেন, সফরের যাবতীয় ব্যয় তিনি নিজেই বহন করেছেন।

জামিন শুনানির সময় ভিডিও লিঙ্কে আদালতে অংশ নেন বিক্রমাসিংহে। তিনি বর্তমানে কলম্বো ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তাকে তীব্র পানিশূন্যতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আদালত চত্বরে এদিন ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন ছিল বিশেষ বাহিনী। শতাধিক সমর্থক বিক্রমাসিংহের মুক্তির দাবিতে বিক্ষোভ করলেও, পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।

২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর আনুষ্ঠানিক কোনও পদে না থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন বিক্রমাসিংহে। তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে, কারণ সরকার আশঙ্কা করছে তিনি আবার ক্ষমতায় ফিরতে পারেন।

প্রসঙ্গত, দুর্নীতি বিরোধী অভিযানে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে তদন্ত ও গ্রেপ্তার তীব্র হয়েছে। ইতিমধ্যে সাবেক দুই মন্ত্রীকে ২৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রাজাপাকসে পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধেও মামলা চলছে। রনিল বিক্রমাসিংহের মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।