সারাবিশ্ব
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫০, আহত পাঁচ শতাধিক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই দুর্যোগে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫০ জনে, আর আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এনবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আঘাত হেনেছে। ফলে মানুষের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির প্রকৃত চিত্র জানতে কিছুটা সময় লাগবে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং শত শত মানুষকে উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
ভূমিকম্পটি বিশেষভাবে ধ্বংসাত্মক হওয়ার কারণ হলো এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মাইল গভীরে। মাঝারি মাত্রার হলেও এ ধরনের ভূমিকম্প ভয়াবহ ক্ষতি ডেকে আনে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, কেবল কুনারেই শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কেবল একটি গ্রামেই ২১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, প্রদেশের বিভিন্ন স্থানে এখনও আফটারশক বা পরাঘাত অনুভূত হচ্ছে। কুনারের আরেক কর্মকর্তা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।
তবে ক্ষতিগ্রস্ত অনেক এলাকা দুর্গম হওয়ায় এখনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন হয়ে পড়েছে। কিছু অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় এবং ভূমিধস ও বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে দেশটির সরকার হেলিকপ্টারের মাধ্যমে মৃতদেহ পরিবহন ও আহতদের সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে। এর পর থেকে অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে।
প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও কয়েক সেকেন্ড ধরে তীব্র কম্পন টের পাওয়া গেছে। এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভয়াবহ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেছে আফগানিস্তানের সরকার। দেশটির প্রশাসন বলছে, আহতদের চিকিৎসা ও দুর্গতদের পুনর্বাসনে অবিলম্বে জরুরি সহায়তা প্রয়োজন।
সূত্র: এনবিসি ও আনাদুলু এজেন্সি