সারাবিশ্ব

আফগানিস্তানে ফের ভূমিকম্প, বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম

আফগানিস্তানে ফের ভূমিকম্প, বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা
ছবি: সংগৃহীত

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৫.৫ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানলে ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত রবিবার রাতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পরও আফগানিস্তান এখনও স্বাভাবিক হতে না পারায় নতুন কম্পনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবারের ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়, যা রবিবারের ভূমিকম্পের স্থানের কাছাকাছি। নতুন এই কম্পনের ফলে পাহাড় ধসে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায়, ফলে উদ্ধারকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

মানবিক সহায়তা সংস্থা আসিলের কর্মী সাফিউল্লাহ নূরজাই জানান, “মঙ্গলবারের ভূমিকম্পে নতুন করে আরও অনেকে আহত হয়েছেন। মৃতের সংখ্যা যে আরও বাড়বে, তা নিশ্চিত।”

ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক বলেন, “প্রায় প্রতিটি বাড়িই হয় ধসে পড়েছে, না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা এখনও ধ্বংসস্তূপ খুঁড়ে জীবিতদের বের করার চেষ্টা করছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আংশিক ক্ষতিগ্রস্ত কিছু ভবন মঙ্গলবারের কম্পনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।”

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারি হিসাবে ১ হাজার ৪১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জনেরও বেশি। ধসে পড়েছে ৫ হাজার ৪০০-এর বেশি বাড়িঘর। জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তথ্যসূত্র: রয়টার্স