সারাবিশ্ব

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ বিভাজন ঠেকাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে।

সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে এলডিপি-কোমেইতো জোট সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই দলের অভ্যন্তরে বিভক্তির আশঙ্কা বাড়তে থাকে এবং ইশিবার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।

যদিও গত সপ্তাহেও শিগেরু ইশিবা জানিয়েছিলেন, তিনি পদে বহাল থাকবেন এবং অর্থনীতিসহ বিভিন্ন জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় মনোযোগী হবেন। এমনকি গত শুক্রবারও তিনি ঘোষণা দিয়েছিলেন, আগামী মাসগুলোতে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

তবে জাপান টাইমস জানিয়েছে, দলের প্রবীণ নেতাদের পরামর্শেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি। দলীয় ঐক্য রক্ষার স্বার্থে তার পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলডিপির বেশিরভাগ সদস্য।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন এলডিপি আনুষ্ঠানিকভাবে ঠিক করতে যাচ্ছে এবছর আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কি না।