সারাবিশ্ব
কে এই তরুণ নেতা, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-জি?
নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি সাধারণত বালেন শাহ নামে পরিচিত। আন্দোলনরত তরুণ প্রজন্মের মধ্যে ইতিমধ্যেই তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনার দাবিও শোনা যাচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কে পি শর্মা অলির পদত্যাগের পর অনলাইনে তরুণ বিক্ষোভকারীরা বালেনকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে শুরু করেন। নেপালে গত সপ্তাহে সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দেয়, যা প্রতিবাদে রাস্তায় নেমে আসে তরুণরা। তবে সোমবার নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে গিয়ে কাঠমান্ডুতে ১৯ জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন অনেক স্কুল-কলেজ শিক্ষার্থী।
বালেন শাহ আগে একজন র্যাপার ছিলেন। তিনি সামাজিক সমস্যার পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যের মতো বিষয়গুলো তার গান ও কণ্ঠের মাধ্যমে তুলে ধরতেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে প্রবেশ করে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে তিনি ৬১ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন।
আন্দোলনের শুরু থেকেই বালেন শাহ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য বয়সসীমা ২৮ বছর নির্ধারিত থাকায় তিনি সরাসরি যোগ দিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “এটি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তাদের আশা, আকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে আমি বোঝার চেষ্টা করি। রাজনৈতিক দল, নেতা বা প্রচারকরা এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য অতিরিক্ত চালাকি করবেন না।”
বালেন শাহ বর্তমানে নেপালের তরুণ প্রজন্মের একটি প্রতীক হয়ে উঠেছেন। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের কারণে এখন তাকে নেপালের প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আনা হচ্ছে।