সারাবিশ্ব
বিক্ষোভে উত্তাল তুরস্ক, প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি (ভিডিও)
তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিরোধীদের ডাকা বিশাল সমাবেশে লাখো মানুষ যোগ দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর রাজধানীর তানদোগান স্কয়ারে আয়োজিত এ বিক্ষোভে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) নেতৃত্ব দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, সমাবেশস্থলে কয়েক লাখ মানুষ জাতীয় পতাকা ও দলীয় ব্যানার উড়িয়ে এরদোয়ানের পদত্যাগের দাবি জানান। লাইভ সম্প্রচারে দেখা যায়, স্লোগানে স্লোগানে আঙ্কারা প্রকম্পিত হয়ে ওঠে।
সাম্প্রতিক মাসগুলোতে সিএইচপি-র একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সরকার। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র ও প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলু। সিএইচপি দাবি করেছে, এসব অভিযোগ মিথ্যা এবং বিরোধী দলকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এসব অভিযান চালানো হচ্ছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে সরকারের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ সহজ করার চেষ্টা চলছে।
সমাবেশে বক্তব্য দেন সিএইচপি নেতা ওজগুর ওজেল। তিনি বলেন, “এসব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ।” তবে এরদোয়ান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সব ধরনের আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে।
এদিকে, তুরস্কের কংগ্রেস ২০২৩ সালের একটি মামলার রায় বাতিলের বিষয়ে আজ সিদ্ধান্ত মুলতবি রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামলাটি বাতিল হলে সিএইচপি’র নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে, যা দলটির অভ্যন্তরীণ সংকটকেও আরও তীব্র করতে পারে।
তুরস্কজুড়ে এরদোয়ানের পদত্যাগের দাবিতে এই গণসমাবেশকে বিরোধী রাজনীতির নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।