সারাবিশ্ব
এবার এআই নেতা নিয়োগ দিচ্ছে জাপানি রাজনৈতিক দল
নির্বাচনে একের পর এক ভরাডুবির পর এবার দলের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপানের একটি নতুন রাজনৈতিক দল ‘পাথ টু রিবার্থ’। মঙ্গলবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।
২০২৪ সালের জানুয়ারিতে গঠিত এই দলটির নেতৃত্বে ছিলেন জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু। টোকিও গভর্নর নির্বাচনে তিনি দ্বিতীয় স্থান দখল করে চমক দেখালেও, চলতি বছরের উচ্চকক্ষের নির্বাচনে দলের ভরাডুবির পর তিনি পদত্যাগ করেন।
তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন ২৫ বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী কোকি ওকুমুরা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের পরবর্তী নেতা হবে এআই।" তবে কবে, কীভাবে এবং কোন প্রযুক্তির মাধ্যমে এআই ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
ওকুমুরা জানান, এআই সরাসরি রাজনৈতিক নীতি নির্ধারণ করবে না বরং দলের অভ্যন্তরীণ সম্পদ বণ্টন ও প্রশাসনিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। যেমন- কোন সদস্যকে কতটা অর্থ বা সহায়তা দেওয়া হবে, সেই সিদ্ধান্তে এআই মতামত দেবে।
দলটির সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করার স্বাধীনতা পান, কেননা এই দলের কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ বা কেন্দ্রীয় নীতিমালা নেই।
‘পাথ টু রিবার্থ’ দলটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেলেও নির্বাচনী রাজনীতিতে এখন পর্যন্ত কোনো আসন জিততে পারেনি। টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে তাদের ৪২ জন প্রার্থী এবং জাতীয় উচ্চকক্ষ নির্বাচনে ১০ জন প্রার্থী সবাই হেরে গেছেন।
তবে নতুন নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে হাঁটার ঘোষণায় দলটি আবারও গণমাধ্যম ও তরুণ ভোটারদের নজরে আসতে শুরু করেছে।