সারাবিশ্ব

দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, গ্রেপ্তার ৭২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিপাইন, গ্রেপ্তার ৭২
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আড়ালে বিপুল অঙ্কের অর্থ লুটপাট ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে দেশটি। সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। দুর্নীতির কারণে গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় জনরোষ চরমে পৌঁছেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা ও অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ম্যানিলার একটি পার্কে সকালে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন। পরে রাজধানীর ঐতিহাসিক এডিএসএ সড়কেও হাজার হাজার বিক্ষোভকারী যোগ দেন। বিক্ষোভে ছাত্র, চার্চ সংগঠন, পরিবেশবাদী কর্মী, সেলিব্রিটি এবং রাজনৈতিক দলগুলোর সাধারণ নাগরিকরা অংশ নেন।

যদিও বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল, তবে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। কমপক্ষে ৩৯ জন পুলিশ আহত হয়েছেন। এছাড়া একটি ট্রেলার, যা ব্যারিকেড হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই প্রকৃত বিক্ষোভকারী নাও হতে পারেন, তাদের মধ্যে কিছু উসকানিদাতা থাকতে পারে।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জানিয়েছে, শুধু ২০২৩ সালেই জলবায়ু-সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৩ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলো প্রথম সামনে আসে গত জুলাইয়ে, যখন মৌসুমি বৃষ্টি ও প্রবল ঝড়ে দেশজুড়ে ভয়াবহ বন্যা হয় এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হন। উল্লেখযোগ্য যে, ফিলিপাইন প্রতিবছর গড়ে ২০টিরও বেশি ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে।

সরকারি হিসেবে, শুধু গত দুই বছরেই দুর্নীতির কারণে ফিলিপাইনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১.৪৮ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ অর্থের।

সূত্র : দ্য গার্ডিয়ান