সারাবিশ্ব

কাবুল থেকে লুকিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে দিল্লি পৌঁছালো ১৩ বছরের কিশোর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

কাবুল থেকে লুকিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে দিল্লি পৌঁছালো ১৩ বছরের কিশোর
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুল থেকে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারত পৌঁছেছে ১৩ বছর বয়সী এক কিশোর। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কুন্দুজ শহরের ওই ছেলে কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়ে ওঠে।

স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ কাবুল থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) অবতরণ করে। দুই ঘণ্টার ফ্লাইট শেষে বিমান অবতরণের সময় কিশোরটির অবস্থান ধরা পড়ে।

বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর কিশোরটি ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর কাছে হস্তান্তর করেন। কিশোর জানায়, তার এই উদ্যোগ কেবল কৌতূহলের জন্য। সে কোনো পরিকল্পনা ছাড়াই কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে ল্যান্ডিং গিয়ারের বগিতে প্রবেশ করে।

পরবর্তী জিজ্ঞাসাবাদে কিশোরকে একই দিন দুপুর ১২:৩০ মিনিটে কাবুল ফেরত পাঠানো হয়। এই ঘটনা বিমানের নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি নিউজ