সারাবিশ্ব

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এ কম্পনে বহু ভবন ধসে পড়ে এবং এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে সুনামির কোনো আশঙ্কা তৈরি হয়নি।

ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর উত্তরাঞ্চল, বিশেষ করে সান রেমিজিও। এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন খাদ্য, পানি ও ভারী যন্ত্রপাতির জরুরি সহায়তা চেয়েছে।

ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম অব্যাহত থাকলেও হাসপাতালগুলোতে আহতদের ভিড়ে উপচে পড়ছে। প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন।