সারাবিশ্ব
আঘাত হানল সুপার টাইফুন ‘ফাং ওয়াং’, নিহত ২
ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং ওয়াং’, স্থানীয়ভাবে যেটি পরিচিত ‘উওয়ান’ নামে। সুপার টাইফুনে পরিণত এই ঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগেই সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (৯ নভেম্বর) রাতে উপকূলে আঘাত হানার আগে ফাং ওয়াংয়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, যা কখনো কখনো ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাহিত হচ্ছিল। রাত ১১টার পর ঝড়টি দক্ষিণাঞ্চলের বৃহত্তম দ্বীপ লুজনের অরোরা প্রদেশে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে। বর্তমানে এটি লুজন দ্বীপের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে আশপাশের অঞ্চলগুলোতে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ঝড়ের আগেই উপকূলীয় অরোরা প্রদেশে উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানায়। দিনের শুরু থেকেই অনেক এলাকায় প্রবল বর্ষণ ও বন্যার আশঙ্কা দেখা দেয়।
এর আগে কয়েক সপ্তাহ আগেই ফিলিপাইনে আরেকটি বিধ্বংসী টাইফুন ‘কালমেগি’ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেই ঘূর্ণিঝড়ে অন্তত ২০৪ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ হন ১০৯ জন। ঘূর্ণিঝড়টি পরে ভিয়েতনামেও আঘাত হানে, যেখানে ৫ জন নিহত হন।
সাম্প্রতিক এই ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে জরুরি প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।
সূত্র: বিবিসি