সারাবিশ্ব
চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার
চীনে ১৯৪৯ সালের পর প্রথমবারের মতো দেশটির ইতিহাসে সবচেয়ে বড় একক সোনার ভান্ডার আবিষ্কৃত হয়েছে। শুক্রবার দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদোংগো সোনার খনিতে স্বর্ণের মজুত প্রায় ১,৪৪৪.৪৯ টন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নও সম্পন্ন হয়েছে, যা উন্নয়ন কাজ শুরুর পথ প্রশস্ত করেছে।
দাদোংগো খনিকে একটি অতিবৃহৎ ও উন্মুক্ত খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার ওপরে থাকা এলাকাজুড়ে প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রতি টন আকরিক থেকে গড়ে পাওয়া যাবে ০.৫৬ গ্রাম সোনা।
প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৫ মাসের অনুসন্ধানের মধ্যেই এই বিশাল সোনার খনি চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই দ্রুত অনুসন্ধান পদ্ধতি ভবিষ্যতে স্বল্পমেয়াদি ও উচ্চমানের খনিজ জরিপের নতুন মডেল হিসেবে বিবেচিত হয়ে উঠতে পারে।