সারাবিশ্ব

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা উপকূলবর্তী সিমেউলুয়ে দ্বীপে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে শক্তিশালী ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির ২৫ কিলোমিটার গভীরে। একই ঘটনার বিষয়ে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, তারা ভূমিকম্পটির মাত্রা ৬.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার রেকর্ড করেছে। উভয় সংস্থাই নিশ্চিত করেছে, এই কম্পন থেকে সুনামির ঝুঁকি নেই।

ভারত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রও জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির সম্ভাবনা নেই।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপসমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে নিয়মিত ভূকম্পন অনুভূত হয়।

সূত্র: এএফপি