সারাবিশ্ব
হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪
হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ড অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া আগুনে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। খবর-এএফপি।
হংকং ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে জানানো হয়, কমপ্লেক্সটির আটটি আবাসিক ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। ভবনগুলোর চারপাশে নির্মাণকাজের কারণে স্থাপন করা বাঁশের মাচা ও প্লাস্টিকের জাল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতরে থাকা দাহ্য পদার্থও আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়, যা নিয়ন্ত্রণকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তোলে।
আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী প্রাণ হারান। আগুন নিভে এলেও ভবনের ভেতরে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে স্বাধীন তদন্ত চালানো হচ্ছে। এর আগে পুলিশ আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
তাই পোর ওয়াং ফুক কোর্ট এলাকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, আগুন লাগার সময় তারা কোনো সতর্ক সংকেত পাননি। ফলে তারা নিজ উদ্যোগে দরজায় নক করে এবং ডোরবেল বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করেছেন জীবন বাঁচানোর জন্য। এক বাসিন্দা সুইন বলেন,
“আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে, একটি হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন রক্ষা করার চেষ্টা করাই অসম্ভব হয়ে পড়েছিল।”
এই ভয়াবহ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের পাশাপাশি হাজারো মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহযোগিতা করছে। সারা হংকংজুড়ে শোক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে কাজ শুরু করেছে।