সারাবিশ্ব
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬৩১
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এখনো নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫০০ মানুষ। আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা টানা তৃতীয় দিন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট এই ঐতিহাসিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১৪ লাখ মানুষ। ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চল। সেখানে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।
আচেহ প্রদেশের বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, “বন্যার পানির স্রোত ছিল সুনামির মতো। আমার দাদি বলছেন, এমন বন্যা জীবনে কখনো দেখেননি। এটি সবচেয়ে ভয়াবহ।”
রাস্তা–ঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা অনেক এলাকায় মোটরসাইকেল বা পায়ে হেঁটে পৌঁছানোর চেষ্টা করছেন। বহু মানুষ এখনো খাদ্যের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ দুই থেকে তিন দিন ধরে না খেয়ে আছেন।
সুমাত্রার মধ্য তাপানুলি এলাকার বাসিন্দা মায়শান্তি জানান, তাদের এলাকায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। তিনি বলেন, “সবকিছু ভেসে গেছে। খাবার শেষ হয়ে যাচ্ছে। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের খাবার, চাউল দরকার। রাস্তাগুলো পুরোপুরি বন্ধ।”
সূত্র: বিবিসি