সারাবিশ্ব

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা (ভিডিও)


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা (ভিডিও)
ছবি: সংগৃহীত

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে সমুদ্র উপকূলে আঘাত হানা এই শক্তিশালী কম্পনের পর জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচার–এ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।

জেএমএ জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭.৬ নির্ধারণ করা হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠা এবং আসবাবপত্র নড়েচড়ে যাওয়ার দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ নিরাপত্তার জন্য নিজেদের ঘর থেকে দ্রুত বের হয়ে আসে।

জাপানের ভূমিকম্প প্রবণতা বিবেচনায় দেশটিতে এমন সতর্কতা খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। জরুরি উদ্ধারকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।