সারাবিশ্ব

উত্তর কোরিয়া আগামী পাঁচ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে: কিম জং উন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

উত্তর কোরিয়া আগামী পাঁচ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাবে: কিম জং উন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, আগামী পাঁচ বছর দেশটি ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই খবর প্রকাশ করেছে।

২০২৫ সালের শেষ প্রান্তিকে দেশের বড় অস্ত্র কারখানা পরিদর্শনকালে কিম জং উন বলেন, দেশের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অস্ত্র কারখানাগুলোর আধুনিকায়ন সংক্রান্ত কিছু খসড়া নথি অনুমোদন করেছেন, যা ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসে উত্তর কোরিয়ার পরবর্তী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

এর একদিন আগে কিম জং উন তার মেয়েকে সঙ্গে নিয়ে একটি ৮,৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। একই সঙ্গে দেশটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার এবং প্রতিরক্ষা ও কৌশলগত ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স