সারাবিশ্ব
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে ‘হাঁস’ প্রতীক চাইবেন। জানা গেছে, তিনি কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক পাচ্ছেন না।
গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারতও করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, “আমি ১৭ বছর মানুষের হয়ে কথা বলেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে। জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি পৈতৃক এলাকা ইসলামপুর হলেও বাস করেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়। ইসলামপুর ও বুধন্তী ইউনিয়ন ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করা হয়েছে, যেখানে তিনি ভোটে লড়বেন।
রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালে স্বতন্ত্র পদে ভোটে (তৎকালীন কুমিল্লা-২ আসন) লড়েছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। অভিযোগ রয়েছে, তখন অলি আহাদকে নিরপেক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি।