সারাবিশ্ব
ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট
ইরানের সব জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে, যা দ্রুত সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর। ব্ল্যাকআউটের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। নেটব্লকস বলেছে, “যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে, তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যহত করা হচ্ছে।”
ইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘটায় ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই আন্দোলন তীব্র রূপ নিলো এবং সহিংসতা বাড়তে থাকে। ইতিমধ্যেই হতাহতের সংখ্যা বেড়েছে, এবং দিন দিন পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে।
নেটব্লকসের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বাস্তবায়নের মাধ্যমে সংবাদ, সামাজিক যোগাযোগ এবং সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি সীমিত করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা