সারাবিশ্ব

আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম

আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তা কার্যকর হবে।

আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজার চলমান সংকট ও মানবিক দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্র সমাধান, যা মানবতার জন্য একমাত্র আশার আলো। তিনি জানান, প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতের কোনো রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

গাজা যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল হবে। অন্যদিকে, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, রাষ্ট্র স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের প্রতি বাড়তি সমর্থন নির্দেশ করে।