সারাবিশ্ব

দ্বিতীয় বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ
অ্যান্টনি আলবানিজ এবং জোডি হেইডন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং তার পাঁচ বছরের সঙ্গী জোডি হেইডন গোপনীয় এক আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ অনুষ্ঠিত হয় এই ব্যক্তিগত অনুষ্ঠান। দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করলেন- এমন নজির দেশের ইতিহাসে এই প্রথম।

এটি আলবানিজের দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে তার প্রথম স্ত্রী কারমেল টেবাটের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের রয়েছে একমাত্র সন্তান নাথান। নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা সুসান লে।

australia_pm1_Dhakaprokash.jpg

বিয়ের তারিখ ও ভেন্যু গোপন রেখেই আয়োজন সম্পন্ন হয়। গত বছরের ভালোবাসা দিবসে আলবানিজ জোডিকে প্রস্তাব দেন। শনিবারের অনুষ্ঠানে তারা নিজ হাতে লেখা অঙ্গীকার পড়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন। এক যৌথ বিবৃতিতে নবদম্পতি জানান, পরিবার ও কাছের মানুষদের সামনে ভবিষ্যৎ জীবন একসঙ্গে শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

জোডিকে বরযাত্রার পথে নিয়ে যান তার বাবা-মা বিল ও পলিন হেইডন। পাঁচ বছরের ভাগ্নি এলা ছিলেন ফুলকন্যা, আর আলবানিজের কুকুর টোটো ছিল আংটির বাহক। জোডির পোশাক ডিজাইন করেন সিডনিভিত্তিক ব্র্যান্ড ‘রোমান্স ওয়াজ বর্ন’, এবং আলবানিজের স্যুট তৈরি হয় এম জে বেল থেকে। তাদের আংটি বানিয়েছে সিডনির লিলিহার্ট এলাকার জুয়েলারি প্রতিষ্ঠান সেরোনে।

australia_pm2_Dhakaprokash.jpg

জোডির ভাই প্যাট্রিক হেইডন ও আলবানিজের কাজিন হেলেন গোল্ডেন ছিলেন সাক্ষী। অনুষ্ঠান শেষে স্টিভি ওয়ান্ডারের গানের তালে তারা আঙিনা ধরে হাঁটেন। প্রথম নাচের জন্য বেছে রাখা হয়েছে ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জিম চালমার্স, পেনি ওয়ং, ক্যাটি গ্যালাঘার, রিচার্ড মার্লেসসহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন অভিনেতা রিস মালডুনও। অতিথিদের পরিবেশন করা হয় সিডনির ইনার ওয়েস্ট এলাকার একটি ছোট ব্রুয়ারিতে তৈরি বিশেষ ক্যানের বিয়ার।

বিয়ের সমস্ত খরচ বহন করেছেন আলবানিজ ও হেইডন নিজেরাই। আগামী সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার মধ্যেই স্বল্প সময়ের হানিমুনে যাচ্ছেন। নির্বাচনের আগেই বিয়ের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। আলবানিজ জানান, প্রধানমন্ত্রী পদে ফিরে না আসলে দুই মাসের দীর্ঘ হানিমুনে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন সময় সীমিত করে দুই সপ্তাহ করা হয়েছে।

australia_pm3_Dhakaprokash.jpg

দুজনের পরিচয় ২০২০ সালের একটি ব্যবসায়িক ডিনারে। ২০২১ সালে আলবানিজ গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়লে জোডি বুঝতে পারেন তিনি আলবানিজকে ভালোবাসেন। এরপর থেকেই তিনি আলবানিজের নির্বাচনী প্রচারণা ছাড়াও রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যাসহ নানা উচ্চপর্যায়ের অনুষ্ঠানে সঙ্গী হয়েছেন। ২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডেতে ক্যানবেরার এক রেস্তোরাঁয় ডিনারের পর আলবানিজ তাকে বিয়ের প্রস্তাব দেন।

সম্প্রতি সমুদ্রতীরের ৪.৩ মিলিয়ন ডলারের বাড়ি কেনাকে কেন্দ্র করে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠলেও আলবানিজ জানান, জোডির বেড়ে ওঠা সেই এলাকায়। আর সম্পর্ক বদলালে জীবনও ভিন্ন পথে এগোয়। তবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে চান এবং মে মাসের নির্বাচনে লেবার পার্টির জয়ে সেই আস্থাই নবায়ন হয়েছে।