সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রের ৩০% শুল্ক আরোপে ইইউর পাল্টা হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, আলোচনার মাধ্যমে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। পাশাপাশি তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিল থেকেও আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
এ সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক বিবৃতিতে জানান, “যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে আমরা নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত থাকব।”
তিনি আরও বলেন, “ইইউ সব সময় সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চায়। কিন্তু যদি চাপ প্রয়োগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানে, তাহলে ইউরোপীয় ইউনিয়নও আনুপাতিকভাবে জবাব দিতে বাধ্য হবে।”
ভন ডার লেইন আরও বলেন, “ইইউ এখনো একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির পক্ষে। বিশ্বের খুব অল্প কিছু অর্থনীতি আছে যারা ইউরোপীয় ইউনিয়নের মতো উন্মুক্ততা ও ন্যায়সঙ্গত বাণিজ্য নীতিতে বিশ্বাস করে।”
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে এই শুল্ক যুদ্ধের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে