সারাবিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক শাবানা মাহমুদ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক শাবানা মাহমুদ দেশটির প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী (হোম সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

৫ সেপ্টেম্বর (শুক্রবার) উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেন। এরই অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা শাবানা মাহমুদকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অর্পণ করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাবানা মাহমুদ অভিবাসন, পুলিশ প্রশাসন ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল খাতের নেতৃত্ব দেবেন। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, “দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে সুরক্ষা দিয়ে আসছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।”

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রতিক্রিয়ায় শাবানা লিখেছেন, “স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান। সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমি প্রতিদিন সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

১৯৮০ সালে বার্মিংহামে জন্ম নেওয়া শাবানা মাহমুদ তার শৈশবের কিছু সময় যুক্তরাজ্য এবং সৌদি আরবে কাটান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন এবং রাজনীতিতে আসার আগে ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০২৪ সালের জুলাই মাসে তিনি বার্মিংহাম লেডিউড আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। লেবার পার্টির হয়ে দ্রুত উত্থান ঘটিয়ে তিনি ছায়া মন্ত্রিসভা এবং সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে তিনি কারাগারের ভিড় কমাতে নানা সংস্কার কার্যক্রম চালু করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘আগাম মুক্তি কর্মসূচি’। একই সঙ্গে তিনি সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন বাস্তবায়নে দৃঢ় অবস্থান নেন, যা তাকে আরও জনপ্রিয় করে তোলে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদের নিয়োগ শুধু লেবার সরকারের জন্য নয়, বরং সমগ্র ব্রিটিশ সমাজে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হবে।