সারাবিশ্ব

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪৬ এএম

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেনে এমন জোর গুঞ্জন তৈরি হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতা ছাড়ার বিষয়ে তিনি একটি নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি এবং দাতাদের সঙ্গে আলোচনার পর স্টারমার বুঝতে পেরেছেন যে তার পক্ষে নেতৃত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি স্টারমার। সপ্তাহান্তে তিনি তার স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যদিও লেবার পার্টির অনেক নেতা মনে করছেন, সোমবারই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে।

এদিকে সাম্প্রতিক উপনির্বাচনে বড় জয় পাওয়ার পর সাবেক মন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দলটির অধিকাংশ সংসদ সদস্য এখন তার পক্ষেই অবস্থান নিয়েছেন বলে দাবি উঠেছে।

বার্নহ্যামের সমর্থকদের দাবি, ৪০০-এর বেশি আসনের লেবার পার্টির মধ্যে ২০১ জনেরও বেশি সংসদ সদস্য তার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে স্টারমারের নেতৃত্ব আরও দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

দলের একাধিক জ্যেষ্ঠ নেতা মনে করছেন, নতুন নেতৃত্বে লেবার পার্টিকে এগিয়ে নিতে দ্রুত পরিবর্তন প্রয়োজন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে বার্নহ্যামই দলকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে শক্তিশালী প্রার্থী।

যদিও স্টারমারের কার্যালয় এসব খবরকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগেও তিনি জানিয়েছিলেন, তিনি দলের নেতৃত্বে থাকতে চান এবং তার ‘আরও অনেক কাজ বাকি’।

অন্যদিকে লেবার পার্টির অন্যতম বড় সমর্থক শ্রমিক সংগঠন ইউনাইটের প্রধান শ্যারন গ্রাহাম বলেছেন, স্টারমারের সরে দাঁড়ানো উচিত এবং দলের নেতৃত্বে সুশৃঙ্খল পরিবর্তন আনা প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।