সারাবিশ্ব

সৌদিতে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

সৌদিতে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

গত এক দশকে সৌদি আরবে মাদক পাচারের অভিযোগে অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর মানবাধিকারের চরম লঙ্ঘন এবং একটি গভীর মানবিক সংকট সৃষ্টি করেছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিক সংখ্যা বেশি। এসব অভিবাসী প্রায়ই প্রতারণার ফাঁদে পড়ে বা সামান্য অর্থের লোভে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে তারা বিচারের নামে ভয়াবহ পরিণতির শিকার হন।

অ্যামনেস্টি জানায়, ২০২১ ও ২০২২ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে আবার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ওই বছর ১২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়, এবং ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আরও ১১৮ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও অভিযোগ করেছে, অনেক মামলায় ন্যায্য বিচার ও আইনগত সহায়তা পাওয়া যায়নি। একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পেরেছেন, যে পরদিনই তাদের ফাঁসি দেওয়া হবে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, “এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া শুধু অনৈতিক নয়, বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন।”

সৌদি সরকার এখনো এই প্রতিবেদন নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মাদকের মতো অপরাধে মৃত্যুদণ্ড প্রয়োগের হার অনেক বেশি এবং তা আন্তর্জাতিকভাবে গৃহীত মানবাধিকারের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।