সারাবিশ্ব
লোহিত সাগরে হুথি হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ভয়াবহ হামলায় ডুবে গেছে একটি কার্গো জাহাজ। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামের ওই জাহাজে থাকা ২২ নাবিক ও তিনজন নিরাপত্তা কর্মীর মধ্যে অন্তত চারজন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।
লাইবেরিয়ার পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন এই জাহাজটি সোমবার হুথিদের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। অবশেষে বুধবার এটি সম্পূর্ণরূপে ডুবে যায়। ইউরোপীয় সামরিক জোটের ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২৫ জন আরোহীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক ও একজন ভারতীয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি নিশ্চিত করেছে, জাহাজটি মিসরের সুয়েজ খালের দিকে যাচ্ছিল। হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথিরাও, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ‘এটারনিটি সি’ নামের জাহাজটি ইসরায়েলের গন্তব্যে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, হামলার পর জাহাজের ক্রুদের উদ্ধারে তারা সহযোগিতা করেছেন এবং আহতদের চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে। তারা এসব নাবিকদের নিঃশর্ত ও নিরাপদ মুক্তি দাবি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হুথিদের এ ধরনের নৌ-হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। উল্লেখ্য, লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে প্রতিদিন হাজারো পণ্যবাহী জাহাজ আন্তর্জাতিক জলপথে চলাচল করে থাকে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স, এএফপি.