সারাবিশ্ব

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেনের শব্দ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেনের শব্দ
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশসীমায় শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সাইরেন বেজে ওঠে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’-ও হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে একই তথ্য দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা শুরু করেছে। কয়েক মাসের বিরতি শেষে রবিবার থেকে তারা নতুন করে আক্রমণ চালাচ্ছে।

সোমবার ও মঙ্গলবার হুতিরা ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে টানা হামলা চালায়, এতে চারজন নিহত হন এবং জাহাজটি পুরোপুরি ডুবে যায়। হুতিদের দাবি, জাহাজটির মালিক ইসরায়েলের এলিয়াত বন্দরের সঙ্গে পুনরায় ব্যবসায় জড়িত থাকায় তারা এ হামলা চালিয়েছে।

এছাড়া, ‘ম্যাজিক সিজ’ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজেও হুতি বাহিনী গুলি ও গ্রেনেড হামলা চালিয়েছে। যদিও ওই হামলায় সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন, তবে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান যুদ্ধের পর হুতিদের এমন হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথ নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে, তবে হুতিদের এ ধরণের তৎপরতায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।