সারাবিশ্ব

ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম

ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি: ইসরায়েলি সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান ইয়াল জামির। মঙ্গলবার (২২ জুলাই) এক সামরিক মূল্যায়ন সভায় তিনি এ মন্তব্য করেন। সভা শেষে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে তার বক্তব্যের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর জানিয়েছে আনাদোলু।

সেনাপ্রধান ইয়াল জামির বলেন, “ইরান এবং তাদের আঞ্চলিক মিত্ররা এখনো ইসরায়েলের জন্য বড় হুমকি। আমাদের সামরিক অভিযান চলমান রয়েছে এবং এই যুদ্ধ এখনও শেষ হয়নি।”

তিনি আরও জানান, সেনাবাহিনীকে বড় পরিসরে এবং বিস্তৃত সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার তাগিদ দেন তিনি।

গাজা উপত্যকায় চলমান সংঘাত প্রসঙ্গে জামির বলেন, “ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে এটি অন্যতম কঠিন ও জটিল যুদ্ধ। আমরা অনেক বড় মূল্য দিচ্ছি, তবু লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত থামবো না।”

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বর্তমান কৌশলে ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের প্রতিরোধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গাজায় চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।