সারাবিশ্ব
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পরিবারের আরও পাঁচজন। দুর্ঘটনার শিকার পরিবারটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা।
শনিবার (২৬ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, ১১ দিন আগে তারা সৌদি আরবে ওমরাহ পালনে যান। সেখানেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিহতদের জানাজা সৌদি আরবেই সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এই ঘটনার আগে চলতি বছর হজ করতে গিয়ে সৌদিতে মারা গেছেন ১৮ পাকিস্তানি নাগরিক, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। অধিকাংশের মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক ও বিভিন্ন শারীরিক জটিলতা। সবাইকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। গত বছর হজে গিয়ে মৃত্যু হয়েছিল ৩৫ পাকিস্তানির।
এছাড়া ২০২৩ সালের ২৮ মার্চ সৌদির আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি ওমরাহযাত্রী প্রাণ হারান, আহত হন আরও ১৮ জন।