সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮০, অনাহারে মৃত্যু আরও ১৪ জনের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বর্বর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৮০ জন ফিলিস্তিনি। একই সঙ্গে অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ জন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু।
মঙ্গলবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গাজার বিভিন্ন এলাকায় চালানো সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য বেসামরিক মানুষ। একইসঙ্গে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় চরম খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
আল-জাজিরা জানায়, চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিজনিত কারণে মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৮ জনই শিশু। দীর্ঘ সময় ধরে খাদ্য, পানি, ওষুধ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকায় এসব মৃত্যু ঘটছে বলে জানিয়েছে মানবিক সংস্থাগুলো।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় চলমান মানবিক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানালেও এখনও সেখানে সহিংসতা ও দখলদারিত্ব অব্যাহত রয়েছে।
গাজার মানুষ বর্তমানে ইতিহাসের অন্যতম নৃশংস ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি বলে মনে করছেন বিশ্লেষকরা।