সারাবিশ্ব

গাজায় ত্রাণের ট্রাক উল্টে নিহত ২৫, ইসরায়েলি হামলায় আরও ২৪ জনের মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

গাজায় ত্রাণের ট্রাক উল্টে নিহত ২৫, ইসরায়েলি হামলায় আরও ২৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় আবারও ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষের ভিড়ের ওপর উল্টে পড়েছে একটি ত্রাণবাহী ট্রাক, এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর চাপে ট্রাকটি একটি বিপদসংকুল পথ দিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। তবে নির্দিষ্ট স্থানটি এখনও জানা যায়নি।

এছাড়া বুধবার (৬ আগস্ট) গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ২৪ জন। এর মধ্যে রাফাহতে ত্রাণের জন্য অপেক্ষমাণ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান এবং অন্তত ২০ জন আহত হন। গাজা শহরে ড্রোন হামলায় ছয় মাসের এক শিশু নিহত হয়েছে। একই শহরের আরও দুটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন।

দেইর আল-বালাহ অঞ্চলে আশ্রয়শিবিরে গুলিতে আরও পাঁচজন মারা গেছেন।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্যমতে, গাজায় চলমান অবরোধের মধ্যে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল গত মার্চ থেকে প্রবেশপথগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় খাদ্য ও ত্রাণ প্রবেশে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে।

সরকারি হিসাব বলছে, ২৭ জুলাই থেকে এ পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে প্রতিদিন প্রয়োজন প্রায় ৬ হাজার ট্রাক। ফলে ২৪ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান বলছে, ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে অন্তত ১ হাজার ৫৬৮ জন নিহত এবং ১১ হাজার ২৩০ জন আহত হয়েছেন।

গাজা কর্তৃপক্ষ ইসরায়েলকে ত্রাণকে “ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপে” পরিণত করার অভিযোগ এনেছে। তাদের দাবি, জনগণকে ইচ্ছাকৃতভাবে অনিরাপদ ও ধ্বংসপ্রাপ্ত রাস্তায় ত্রাণ নিতে বাধ্য করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ১০০ ছাড়িয়েছে।