সারাবিশ্ব
গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মূল শহর গাজা সিটি দখলে নিতে চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত দখল পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা।
প্রথমে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং পরে আল জাজিরা-র খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে ইতোমধ্যেই গাজা শহর দখলের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও রয়েছে পরিকল্পনায়।
এক উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা যায়, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সমস্ত বেসামরিক ফিলিস্তিনিকে সরিয়ে বিশেষ শিবিরে স্থানান্তর করা হবে। এরপর অবশিষ্ট হামাস যোদ্ধাদের বিচ্ছিন্ন করে শহরে স্থল অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী।
ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক শিহাব রাটটানসি জানিয়েছেন, গাজা সিটির ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এই উদ্যোগ নতুন নয়, গত কয়েকদিন ধরেই এই পরিকল্পনার ইঙ্গিত মিলছিল। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
এর আগেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু তারা সেখানে সরাসরি শাসন চালাতে চায় না। বরং একপ্রকার নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নিয়ন্ত্রণ তুলে দিতে চায় তৃতীয় কোনো পক্ষের হাতে।
এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, গাজা দখলের সিদ্ধান্ত নীতিগতভাবে চূড়ান্ত, কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। সেই ঘোষণাও যেন এবার বাস্তবে রূপ নিচ্ছে।