সারাবিশ্ব
ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত ও অন্তত ৩৬৩ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৩০ জন প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।
রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তার ওপর আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা হামলার কারণে সেগুলোতে পৌঁছাতে পারেনি। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জন আহত হয়েছেন। এর ফলে সহায়তা নিতে গিয়ে মারা যাওয়া মোট ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮ জনে, আর আহতের সংখ্যা ১২ হাজার ৮৯৪ এর বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। এখন পর্যন্ত অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যা ২১৭ জন, যার মধ্যে ১০০ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরাইলি ভূখণ্ডে হঠাৎ আক্রমণ চালিয়ে ১ হাজার ২০০ জনের মৃত্যু এবং ২৫১ জনকে বন্দি করে। এর জবাবে একই দিনই গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরাইলি সেনারা। ১৫ মাসের টানা সংঘর্ষের পর আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে আবার অভিযান শুরু করে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
এদিকে, গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের সম্মুখীন রয়েছে।