সারাবিশ্ব
গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল
গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।
রবিবার (১৭ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে, যেখানে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের দাবি, গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়িত হলে হামাসের হাতে থাকা প্রায় ২০ জন জিম্মির জীবন হুমকির মুখে পড়তে পারে। এই আন্দোলনের অংশ হিসেবে ইসরায়েলজুড়ে এক দিনের ধর্মঘট পালিত হয়। এতে রাজধানীসহ বিভিন্ন শহরে রাস্তা, অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। বিক্ষোভ চলাকালে প্রায় ৪০ জনকে আটক করে পুলিশ।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভের সমালোচনা করে বলেন, “এই ধরনের আন্দোলন হামাসের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়া ধীরগতি করবে।” একইভাবে ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষতিকর প্রচারণা এবং হামাসের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক।”
বিক্ষোভে অংশ নেন জিম্মিদের পরিবারও। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের প্রধান ব্যক্তিত্ব আইনভ জাঙ্গাউকার, যিনি নিজেও জিম্মি মাতানের মা, সমাবেশে বক্তব্য রেখে বলেন, “আমরা আমাদের সন্তানদের ফিরে চাই। আমরা একটি কার্যকর চুক্তি ও যুদ্ধের সমাপ্তি চাই। সরকার একটি ন্যায্য যুদ্ধকে উদ্দেশ্যহীন যুদ্ধে পরিণত করেছে।”
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা পুনরায় শুরু করা হবে। ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে তাঁবু সরবরাহের পরিকল্পনা করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরে সরিয়ে নেওয়া যায়।