সারাবিশ্ব

গাজা সিটির আরও গভীরে ইসরায়েলি সেনাদের প্রবেশ, নিহত ৬৩ ফিলিস্তিনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম

গাজা সিটির আরও গভীরে ইসরায়েলি সেনাদের প্রবেশ, নিহত ৬৩ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন।

রবিবার (২৪ আগস্ট) কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। বিশেষ করে ইসরায়েলি ট্যাংক সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহরের জেইতুন অঞ্চল গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

শনিবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমের আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ছয়জন শিশু। একই দিনে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া খান ইউনিসের দক্ষিণ-পূর্বে ‘মোরাগ অ্যাক্সিস’-এর কাছে একজন এবং ইসরায়েল নিয়ন্ত্রিত নেতজারিম করিডরের কাছে আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও আটজন মারা গেছেন, যাদের মধ্যে দুইজন শিশু। এ পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জন, যাদের মধ্যে অন্তত ১১৪ জন শিশু।

জাতিসংঘ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এটি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২,৬০০ ছাড়িয়েছে।