সারাবিশ্ব

একদিনে নিহত ৫১ ফিলিস্তিনি, ত্রাণের লাইনে প্রাণ গেল আরও ২৪ জনের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম

একদিনে নিহত ৫১ ফিলিস্তিনি, ত্রাণের লাইনে প্রাণ গেল আরও ২৪ জনের
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। একই দিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান আরও ২৪ জন। এ ছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৮ জন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ৬ আগস্ট থেকে গাজা শহরে সামরিক অভিযান শুরু করার পর জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। তাদের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ প্রায় অচল হয়ে পড়েছে। অনেক জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। জরুরি কর্মীরা অসংখ্য নিখোঁজের খবর পেলেও সাড়া দিতে পারছেন না।

চিকিৎসকরা জানাচ্ছেন, আহতদের স্রোতে হাসপাতালগুলোতে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। সীমিত চিকিৎসা সামগ্রী ও বিদ্যুতের ঘাটতির কারণে আহতদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সিভিল ডিফেন্স সতর্ক করে জানিয়েছে— গাজার কোথাও নিরাপদ আশ্রয় নেই। উত্তর থেকে দক্ষিণ, সবখানেই ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি ত্রাণ শিবির পর্যন্ত বোমা বর্ষণ চলছে।

রোববার একদিনেই অন্তত ৫১ জন নিহত হন ইসরায়েলি হামলায়। চিকিৎসা সূত্র জানিয়েছে, এর মধ্যে ২৭ জন গাজা শহরে এবং আরও ২৪ জন নিহত হয়েছেন ত্রাণের লাইনে দাঁড়িয়ে। গাজার আল-জালাআ সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হয়েছেন, এর মধ্যে একজন শিশু।

একই সময়ে উত্তর দিকের জাবালিয়া শরণার্থী শিবিরের একাধিক ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা বলছেন, চারপাশে টানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং দুর্ভিক্ষে আক্রান্ত এলাকাগুলোতেও বোমা বর্ষণ চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও অপুষ্টিতে আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, যার মধ্যে ১১৫ জন শিশু।