সারাবিশ্ব
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে নতুন করে নিহত হয়েছেন আরও ৭৮ ফিলিস্তিনি। গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিচালিত ভয়াবহ অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩২ ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই শিশু। মানবিক সংকট মোকাবিলায় খাবারের সন্ধানেই এরা সেখানে গিয়েছিলেন।
গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুগুলো ধ্বংস করা হচ্ছে। এ ছাড়া ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বোমা হামলার কারণে আল-কুদস হাসপাতালের পাশের শরণার্থী তাবুগুলোতে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ৫ জন নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র বলছে, গাজা সিটি থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করার পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল। এ হামলার ধারাবাহিকতায় গাজার মোট মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬৩ হাজার ছাড়িয়ে গেছে।