সারাবিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার হামলায় রক্তাক্ত হচ্ছে গাজা। সর্বশেষ বুধবার (১০ সেপ্টেম্বর) গাজা উপত্যকায় একদিনেই অন্তত ৭২ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল শহরজুড়ে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে।

এই নতুন প্রাণহানির ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনেরও বেশি।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের ওপর সরাসরি গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৫ জনের মৃত্যু হয়েছে। শহরের টিবা-২ আবাসিক ভবনেও বোমা হামলা চালানো হয়। পূর্ব সতর্কতা থাকলেও এতে দুইজন নিহত হন।

উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে ড্রোন হামলায় আরও পাঁচজন প্রাণ হারান। একই ধরনের আরেকটি ড্রোন হামলা চালানো হয় আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের নিকটবর্তী প্যালেস্টাইন স্কোয়ারে, যেখানে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন।

শেখ রাদওয়ান এলাকায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও সরাসরি গোলাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী, যাতে একজন নিহত হন। ওই এলাকায় একাধিক হামলার খবরও পাওয়া গেছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয়।

এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসের জালাল স্ট্রিটে গোলাবর্ষণে নিহত হন আরও চারজন, যাদের মধ্যে দুজন শিশু।

গাজার বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবিক সহায়তার অভাবে বাসিন্দারা চরম দুর্ভিক্ষ, অভাব ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) বিচার চলছে ইসরায়েলের বিরুদ্ধে।