সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এর ফলে, প্রায় দুই বছর ধরে চলমান এই সহিংসতায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৪০০-এ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬৫,৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনেরও বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শুধু হাসপাতালগুলোতেই ৩৮টি মরদেহ আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৯০ জন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের মধ্যে কেউ কেউ হয়তো বেঁচে আছেন, কেউবা প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের ঘাটতি থাকায় প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। এই হিসেবে, ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫২৬ জন, আহত হয়েছেন ১৮ হাজার ৫১১ জন।
উল্লেখ্য, ইসরায়েলের এ নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়াও, গাজায় চালানো আগ্রাসনের দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।