সারাবিশ্ব
কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন। খবর আল জাজিরার।
সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে লক্ষ্য করে পরিচালিত হামলায় অনিচ্ছাকৃতভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। নেতানিয়াহু এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে কাতারি ভূখণ্ডে এ ধরনের হামলা আর হবে না বলে প্রতিশ্রুতি দেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফোনালাপটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান।
এদিকে, নেতানিয়াহু তার ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন, “আমি কাতারের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে ইসরায়েলের লক্ষ্য ছিল হামাস, কাতার নয়। ভবিষ্যতে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বরের ওই হামলায় হামাসের পাঁচজন নিম্নপদস্থ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান।
সূত্র: আল জাজিরা