সারাবিশ্ব

ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল!
ছবি: সংগৃহীত

ইসরায়েল কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আশদোদ বন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আটক কর্মীদের যাচাই শেষে তাদের বহিষ্কারের কাজ চলছে।

টাইমস অব ইসরায়েল এর খবরে বলা হয়, আটক কর্মীদের ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসরায়েলি পুলিশ। বন্দরে মোতায়েন রয়েছে ৬০০-রও বেশি পুলিশ সদস্য। আটক ব্যক্তিদের ‘পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়া’ সম্পন্ন হওয়ার পর তাদের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েল প্রিজন সার্ভিসের হাতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ফ্লোটিলার আটক সদস্যদের ইউরোপে পাঠানো হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, ফ্লোটিলার শেষ অবশিষ্ট জাহাজ ‘মেরিনেট’ যদি গাজার দিকে অগ্রসর হয়, তবে সেটিকেও আটক করা হবে।

এদিকে, আটক অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি কর্মীদের উদ্দেশে কঠোর ভাষায় আক্রমণ করে তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশদোদ বন্দরে কর্মীদের উদ্দেশে বেন-গভির দাবি করেন, জাহাজগুলো “সম্পূর্ণ খালি” পাওয়া গেছে এবং মানবিক সহায়তা আনার বিষয়টি ছিল একটি মিথ্যা প্রচারণা। তার ভাষায়, “তারা গাজার জনগণের সাহায্যে আসেনি, বরং গাজার সন্ত্রাসীদের জন্য এসেছিল। এরা সন্ত্রাসী।”