সারাবিশ্ব

যুদ্ধবিরতি কার্যকর: দলে দলে বাড়ি ফিরছেন গাজার বাসিন্দারা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

যুদ্ধবিরতি কার্যকর: দলে দলে বাড়ি ফিরছেন গাজার বাসিন্দারা
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে গেলে, দীর্ঘদিনের বন্দিত্বের পর দলে দলে মানুষ তাদের ধ্বংসপ্রাপ্ত ঘরে ফিরতে শুরু করে।

গাজাভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, উপকূলীয় আল-রশিদ সড়কে মানুষে মানুষে ঢল নেমেছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজারো মানুষ সড়কজুড়ে জড়ো হয়ে উত্তরাঞ্চলের নিজ নিজ এলাকায় ফেরার অপেক্ষায় রয়েছেন। অনেকেই আগের রাত থেকেই সড়কে অপেক্ষা করছিলেন—যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ফিরতে চেয়েছিলেন নিজেদের ঘরে।

তবে এখনো পুরোপুরি নিরাপদ হয়নি গাজার সব এলাকা। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা যেসব এলাকায় অবস্থান করছে, সেসব স্থানে বেসামরিকদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার ৫৩ শতাংশ এলাকার ওপর এখনো নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে কথিত ‘বাফার জোন’, যা গাজা ও ইসরায়েলের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে। ওই এলাকায় অবস্থিত সব বাড়িঘর ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী এখনো অবস্থান করছে গাজা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর, উত্তরের বেঈত হানুন ও বেঈত লাহিয়া, এবং দক্ষিণের রাফা ও খান ইউনিসের বিস্তীর্ণ এলাকায়।

আইডিএফের আরবি মুখপাত্র কর্নেল আভিচায় আদরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এইসব এলাকায় যেকোনো অসতর্ক পদক্ষেপ বড় ধরনের বিপদের কারণ হতে পারে।