সারাবিশ্ব

মদিনার দুর্ঘটনায় নিহত হাজিদের ১৮ জন একই পরিবারের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

মদিনার দুর্ঘটনায় নিহত হাজিদের ১৮ জন একই পরিবারের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ শিশুসহ ৪২ ভারতীয় ওমরাহযাত্রী। নিহতদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন রয়েছেন- যার মধ্যে অর্ধেকই শিশু। ভয়াবহ এই দুর্ঘটনা ভারতের তেলেঙ্গানার একটি বড় পরিবারকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিবারটি ওমরাহ সম্পন্ন করে আগামী শনিবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল।

নিহতদের এক আত্মীয় মোহাম্মদ আসিফ এনডিটিভিকে জানান, তার ভাবি-দুলাভাই, তাদের তিন মেয়ে, এক ছেলে এবং তাদের সন্তানরা মিলে মোট ১৮ জন ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। আট দিন আগে তারা রওনা হন এবং ওমরাহ শেষ করে মক্কা থেকে মদিনায় ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে একটি ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে তাদের বাসটির ভয়াবহ সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসে আগুন ধরে যায় এবং পুরো বাসটি পুড়ে যায়। আসিফ বলেন, “একটি একান্নবর্তী পরিবারের ১৮ জন-৯ প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু একসঙ্গে মারা গেল। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি।”

মৃতদের মধ্যে ছিলেন পরিবারের কর্তা নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের শিশু সন্তানরা। পরিবারটি শনিবার ভারতে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই নির্মম দুর্ঘটনায় তাদের জীবনাবসান ঘটে।

রোববার রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা মহাসড়কের মুহরাস (মুফরিহাত) এলাকায় ঘটে দুর্ঘটনাটি। মুহরাস থেকে মদিনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। ওমরাহযাত্রীবাহী বাসটির অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বাসটি দ্রুত আগুনে পুড়ে গেলে কারও বের হওয়ার সুযোগ ছিল না।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, মদিনার দুর্ঘটনায় রাজ্যের ৪২ জন নাগরিকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি রাজ্য প্রশাসনকে নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং সৌদি আরবের কর্তৃপক্ষ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সৌদিতে সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে তেলেঙ্গানা সরকার।