সারাবিশ্ব

অস্ত্র বাণিজ্যে তুরস্কের উত্থান, রপ্তানিতে ৩০ শতাংশ প্রবৃদ্ধির দাবি এরদোয়ানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

অস্ত্র বাণিজ্যে তুরস্কের উত্থান, রপ্তানিতে ৩০ শতাংশ প্রবৃদ্ধির দাবি এরদোয়ানের
ছবি: সংগৃহীত

যুদ্ধের দামামা ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেই বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে অস্ত্র বাণিজ্য। প্রতিরক্ষা সরঞ্জামের এই প্রতিযোগিতামূলক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কের প্রতিরক্ষা ও বিমান শিল্প খাতে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বিশ্ব অস্ত্রবাজারে দেশটি এখন গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে।

এরদোয়ান জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান শিল্প রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে প্রায় ৭ দশমিক ৪৪৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে দেশটি। এর ফলে বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশের তালিকায় তুরস্ক বর্তমানে ১১তম অবস্থানে রয়েছে।

শনিবার এক নৌ-প্ল্যাটফর্ম কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা শিল্প এখন শুধু অস্ত্র উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি শক্তিশালী প্রযুক্তি ও শিল্পভিত্তিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে। প্রতিটি প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রযুক্তি সক্ষমতা আরও বিস্তৃত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এরদোয়ান আরও বলেন, নিজস্ব যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ ও উৎক্ষেপণে সক্ষম বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি এখন তুরস্ক। তিনি জানান, প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি বিমানবাহী রণতরীর নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে, যা তুরস্কের প্রথম অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ টিসিজি আনাদোলুর চেয়েও আকারে বড় হবে।

প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের বিষয়ে এরদোয়ান বলেন, স্থল, নৌ, আকাশ ও সাইবার-সব পরিসরেই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে ব্যাপক উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপে দেশীয় ও জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

তবে এসব বিনিয়োগ যুদ্ধের প্রস্তুতির জন্য নয়-এ কথা স্পষ্ট করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য শান্তি, স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র: টিআরটি