সারাবিশ্ব

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ৫০ ফিলিস্তিনি আটক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ৫০ ফিলিস্তিনি আটক
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি বন্দি সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে রামাল্লাহ, আল-বিরেহ, হেবরন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক বন্দিরাও রয়েছেন এবং একজন নারীও গ্রেপ্তার হয়েছেন।

সংগঠনটি অভিযোগ করে জানায়, গ্রেপ্তারের পাশাপাশি ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ সময় আটক ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটে এবং বিভিন্ন স্থানে সম্পত্তি ধ্বংস করা হয়।

ফিলিস্তিনি বন্দি সোসাইটির তথ্য অনুযায়ী, গত বছর জুড়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী সাত হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় পশ্চিম তীরের জেরিকোর পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং আরও একটি বাড়ি ভাঙার নোটিশ জারি করেছে। অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ দেখিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রগুলো তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ইসরায়েলি সেনা ও বুলডোজার নিয়ে ওই এলাকায় প্রবেশ করে ‘এরিয়া সি’ হিসেবে চিহ্নিত অঞ্চলে থাকা দুটি ভবন ধ্বংস করা হয়।

সূত্র: ডেইলি সাবাহ