সারাবিশ্ব

ইরানে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

ইরানে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬
ছবি: সংগৃহীত

ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের বাইরে বৃদ্ধি এবং তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সংঘর্ষময় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের খবরে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালে অন্তত তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তায় আগুন জ্বলছে, গুলির শব্দ শোনা যাচ্ছে এবং বিক্ষোভকারীরা ‘লজ্জা নেই! লজ্জা নেই!’ বলে স্লোগান দিচ্ছেন।

এর আগে চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে বিক্ষোভ চলাকালে দুজন নিহত হয়েছেন। শহরটি তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ফার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং বিভিন্ন ব্যাংকসহ সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেন। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হন। লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পুরালি বলেন, ‘কুহদাশতের ২১ বছর বয়সী বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন।’ বাসিজ হলো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

বিক্ষোভের সূত্রপাত ঘটে গত রবিবার, যখন দোকানিরা মুদ্রার দরপতন এবং দ্রুত মূল্যস্ফীতির বিরুদ্ধে সরকারের নীতির প্রতিবাদে রাস্তায় নামে। এই বিক্ষোভ দেশজুড়ে আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আলজাজিরা