সারাবিশ্ব

২ লাখ কেজির বেশি স্বর্ণের বিশাল মজুদের সন্ধান পেলো সৌদি আরব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

২ লাখ কেজির বেশি স্বর্ণের বিশাল মজুদের সন্ধান পেলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান মাদেন দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স বা দুই লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান দিয়েছে। দেশটির খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বৈশ্বিক মানের স্বর্ণ শিল্প গড়ে তোলার উদ্দেশ্যেই এই অনুসন্ধান কার্যক্রম চালানো হয়েছে।

প্রাথমিক ড্রিলিংয়ে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের অস্তিত্ব ধরা পড়লেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে। মাদেন জানায়, স্বর্ণের নতুন মজুদের প্রধান আবিষ্কৃত স্থানগুলো হল মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও।

এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ খনিতে, যেখানে গত বছরের তুলনায় স্বর্ণের মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনিতে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাওয়াতে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে।

মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর পাশাপাশি বৈশ্বিক খনি শিল্পে শীর্ষস্থানীয় অবস্থান গড়ে তোলার দীর্ঘমেয়াদি কৌশলের প্রতিফলন। তিনি আরও জানান, চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কার কোম্পানির সক্ষমতা এবং ধারাবাহিক অগ্রগতির প্রমাণ।

২০২৬ সালের অনুসন্ধান কর্মসূচিতে মধ্য সৌদি আরবের স্বর্ণসমৃদ্ধ অঞ্চলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে নতুন খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে, যা বিদ্যমান খনিগুলোর পরিধি বিস্তৃত করতে সহায়ক হবে। ঐতিহাসিক মাহদ স্বর্ণ খনি এলাকায়ও নতুন খনিজ স্তর পাওয়া গেছে, যা খনিটির আয়ুষ্কাল বাড়াতে সহায়ক হবে।

মাদেন জানায়, মানসুরা মাসারাহ খনিতে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক মজুদের ধারণা করা হচ্ছে। প্রতি টন আকরিক থেকে গড়ে ২.৮ গ্রাম হারে মোট এক কোটি চার লাখ আউন্স স্বর্ণ পাওয়া যাবে। সর্বশেষ ড্রিলিংয়ের ফলে এই খনিতে গত বছরের তুলনায় নিট ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুদ বেড়েছে।