সারাবিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো ওই হামলায় ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিকসহ তিনজনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।

বিবৃতিতে বলা হয়, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলায় নিহত তিন সাংবাদিকের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। তাদের মধ্যে আবদুল রউফ শাআত এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মধ্য গাজা উপত্যকায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ওই ড্রোনটি তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। এ কারণে নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন নিয়ে সন্দেহভাজনদের লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। তবে হামাস-সংশ্লিষ্ট ড্রোন বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইসরায়েল।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত সাংবাদিকরা মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি ও ভিডিও ধারণের জন্য একটি ড্রোন ব্যবহার করছিলেন। সে সময় তাদের সঙ্গে থাকা যানবাহনটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য ও গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে তারা এটিকে ‘বিপজ্জনক মাত্রার উত্তরণ’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেটও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, এটি ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি দখলদার শক্তির অনুসৃত একটি পরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে বড় ধরনের লড়াই অনেকাংশে কমে আসে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


সূত্র: এএফপি